‘গুন্ডাদমন’ বিলে রাষ্ট্রপতির ‘না’, কেন্দ্রের আপত্তিতে ফেরত! NDPS ধারা বাদ দিয়ে সংশোধনের নির্দেশ

রাতদিন ওয়েব ডেস্ক : ‘গুন্ডাদমন’ বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, পুনর্বিবেচনার জন্য রাজ্যে ফেরত কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাতের আশঙ্কা, মাদক সংক্রান্ত ধারা বাদ দেওয়ার পরামর্শ পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন’ বিলে অনুমোদন দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আইনের সঙ্গে প্রস্তাবিত বিলের কিছু ধারার সম্ভাব্য সংঘাতের কথা উল্লেখ করে বিলটি পুনর্বিবেচনার জন্য রাজ্যের কাছে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের ২৯ জুন বিধানসভায় পাশ হয়েছিল ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’। বিলটিতে অসামাজিক কার্যকলাপ ও ‘গুন্ডা’র সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে কোনও এলাকা, শহর বা জেলা থেকে সর্বোচ্চ এক বছরের জন্য বহিষ্কারের মতো বিধানের প্রস্তাব রয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনের ক্ষেত্রে মূল আপত্তি উঠেছে মাদক সংক্রান্ত একটি ধারাকে ঘিরে। কেন্দ্রের বক্তব্য, বিলের সংশ্লিষ্ট ধারায় NDPS Act, 1985-এর অধীনে অপরাধকেও ‘গুন্ডা’র সংজ্ঞার আওতায় আনা হয়েছে। কিন্তু মাদক সংক্রান্ত অপরাধে প্রতিরোধমূলক আটকের জন্য কেন্দ্রীয় PITNDPS Act, 1988-এ ইতিমধ্যেই নির্দিষ্ট আইনি ব্যবস্থা রয়েছে।
ফলে একই বিষয়ে রাজ্যের প্রস্তাবিত আইনে পৃথক ব্যবস্থা তৈরি হলে কেন্দ্রীয় আইনের সঙ্গে আইনি সংঘাত তৈরি হতে পারে বলে কেন্দ্রের তরফে আপত্তি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ধারা থেকে মাদক সংক্রান্ত অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় আপাতত বিলটি পূর্ণাঙ্গ আইন হিসেবে কার্যকর হয়নি। এখন কেন্দ্রের আপত্তি অনুযায়ী সংশোধন এনে বিলটি ফের বিধানসভায় পেশ করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের সামনে। সংশোধিত বিল বিধানসভায় পাশ হলে তা ফের রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। বিলটি নিয়ে এর আগেও রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের একাংশের অভিযোগ ছিল, ‘গুন্ডাদমন’-এর নামে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য ছিল, জননিরাপত্তা বজায় রাখা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইনি কাঠামো প্রস্তাব করা হয়েছে।
