POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল

রাতদিন ওয়েব ডেস্ক : রাজ্য পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ২৩ আধিকারিক! কলকাতা পুলিশের একাধিক শীর্ষ পদেও নতুন মুখ রাজ্য পুলিশে বড়সড় প্রশাসনিক রদবদল। কলকাতা পুলিশ-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা মোট ২৩ জন আইপিএস এবং ডব্লিউবিপিএস আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বদলির তালিকায় কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদব এখন রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে দায়িত্ব নেবেন। এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে গোয়েন্দা বিভাগের ডিডি পদে পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব:
বদলির ফলে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আসছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। এর আগে তিনি এসটিএফ-এর আইজিপি পদে ছিলেন। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। তিনি এত দিন রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে ছিলেন। এদিকে রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) করা হয়েছে। আইবি, সিআইডি ও অন্যান্য শাখাতেও বদল রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখাতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি আগে এসসিআরবি-র আইজিপি ছিলেন।
অন্যদিকে হোমগার্ডের আইজি পদে থাকা শঙ্খশুভ্র চক্রবর্তী এখন এসসিআরবি-র আইজিপি হিসেবে দায়িত্ব নেবেন।
ডব্লিউবিপিএইচআইডিসিএলের ডিআইজি দেবর্ষি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে।
সশস্ত্র পুলিশবাহিনীর ১০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের দায়িত্বে থাকা নীমা নরবু ভুটিয়াকে সিআইডির এসএস পদে পাঠানো হয়েছে। অন্যদিকে এসএস, আইবি পদে থাকা ধৃতিমান সরকারকে মালদহে সিআইডির এসএস করা হয়েছে।
কলকাতা ও বিধাননগরেও বদল :
কলকাতা পুলিশের সাইবার শাখার নতুন ডিসি হচ্ছেন আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য। এত দিন তিনি সশস্ত্র পুলিশবাহিনীতে দায়িত্বে ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি, ডিডি পদে আসছেন আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদ। এর আগে তিনি শিলিগুড়ি থানার ট্রাফিক বিভাগের ডিসি ছিলেন।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হচ্ছেন আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়। জেলার পুলিশ প্রশাসনেও পরিবর্তন ,জেলা স্তরেও একাধিক ডব্লিউবিপিএস আধিকারিকের দায়িত্ব বদল করা হয়েছে।
দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
কালিম্পঙের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। বীরভূমে অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পাচ্ছেন অভিষেক রায়।এছাড়া, মানবেন্দ্র দাসকে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার এবং কুণাল বর্ণাবাসকে মালদহ গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।অর্থাৎ কলকাতা পুলিশের শীর্ষ পদ থেকে শুরু করে আইবি, সিআইডি, এসসিআরবি, সাইবার শাখা এবং একাধিক জেলার পুলিশ প্রশাসনে একসঙ্গে বড়সড় রদবদল কার্যকর হল।
