CJP : দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের সমাবেশ পণ্ড ; দিল্লিতে বিমানে আটক সিজেপি নেতা অভিজিৎ সহ আরও ২

রাতদিন ওয়েব ডেস্ক : বাংলা জুড়ে যখন উমার আগমনে মুখরিত দিল্লিতে তখন চলছে ধস্তাধস্তি ধরপাকড় । ১০ ই অক্টোবর সিজেপি যন্তর মন্তর অভিযান করার কথা ছিল । তবে , দিল্লি পৌঁছাতেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মুখপাত্র অভিজিৎ দীপকে-কে । বিমান থেকেই সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ তাদের আটক করে।
বিমানে থাকা অন্যান্য যাত্রীদের তখন দাঁড় করিয়ে রাখা হয়েছিল , এমনটাই অভিযোগ । মুম্বই থেকে দিল্লিতে যন্তর মন্তরে যোগ দিতে আসেন অভিজিৎরা। সকাল ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বিমান। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ । বিমানবন্দর থেকে তাঁদের সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ , এমনটাই জানা গিয়েছে। তিন জনকে তিনটি আলাদা জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। অভিজিৎকে গুরুগ্রাম, সৌরভকে দিল্লি এবং রাঙ্কাকে নিয়ে যাওয়া হয়েছে দ্বারকায়।
সূত্রের খবর , বিমান আসার আগে থেকেই পুলিশ বিমানবন্দরে অপেক্ষা করছিল। সেখানে উপস্থিত ছিলেন বহু মহিলা পুলিশকর্মী। সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন। সরাসরি সম্প্রচারে তাঁদের সঙ্গে পুলিশের বচসা দেখা যায়। দীপকে বলেন , গ্রেফতার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন। মহিলা পুলিশদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা বিমান থেকে নামা পর্যন্ত তো আপনারা অপেক্ষা করতে পারতেন! আসুন, গ্রেফতার করুন আমাদের। গ্রেফতার হতেই এসেছি। ভয় পাই না।’’ দীপকে, রাঙ্কা, সৌরভকে আটক করার ব্যাপার টা দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন । তিনি বলেন, সিজেপি নেতাদের আটক করতে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশকে নামানো হয়েছিল দিল্লি বিমানবন্দরে।
সিজেপি নেতারা আটক হওয়ার পর সিজেপি বলে , ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বকে বিক্ষোভস্থলে পৌঁছোনোর আগেই আটকে দেওয়ার জন্য এটা দিল্লি পুলিশের পূর্বপরিকল্পিত পদক্ষেপ। সকলের চলাফেরার স্বাধীনতা রয়েছে। তার এই লঙ্ঘনের তীব্র নিন্দা করছে সিজেপি। অবিলম্বে দীপকে, দাস, রাঙ্কার নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে।’’
