BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের

রাতদিন ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা। আইনজীবী বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগে আজ অর্থাৎ শুক্রবার ভোরে গড়িয়ার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির অধিকাংশ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ধৃত যুবককে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করিয়ে পুলিশ তাকে হেফাজতে নেবে এমনটাই জানা যাচ্ছে ।
ধৃত যুবকের নাম বাপ্পা গুছাইত। বয়স ২৯ বছর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি ধ্বংস, অন্যের জীবনে বিঘ্ন ঘটানো, মহিলার শ্লীলতাহানি, অন্যকে অপমান করে এলাকার শান্তি নষ্ট করা এবং ভয় দেখানোর মামলা দায়ের করা হয়েছে। উল্লিখিত অভিযোগ ছাড়াও অপরাধের প্রমাণ নষ্ট করা, জালিয়াতি, নথি জাল করার মতো অপরাধের বিচারযোগ্য ধারা এই মামলায় যুক্ত করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করবে পুলিশ। আইনজীবির বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতারের কথা কলকাতা হাই কোর্টে শুক্রবার তুলে ধরে রাজ্য সরকার।
বিকাশ রঞ্জন হামলার ঘটনায় জানান , ‘‘হিন্দুত্ববাদীরা এসব করেছে। ওরা সব মায়ের সন্তান। ওরা আমাকে নাকি শিক্ষা দেবে। এই ভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করছেন, তাঁদের উপরেই হামলা করা হচ্ছে।” আইনজীবির এরকম অভিযোগের পরেই পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তার খোঁজ নিচ্ছে পুলিশ । ধৃতের আসল উদ্দেশ্য কী ছিল, কার নির্দেশে এই কাজ করা হয়েছে, কে কে এর সঙ্গে যুক্ত ছিল সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
