BOLLYWOOD ACTRESS NUSRAAT : বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত ভরুচা ; স্বাভাবিক হওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়

রাতদিন ওয়েব ডেস্ক : বালি ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। আধুনিক চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বই তে আনা হয়েছিল । সেই ঘটনার পর এবার সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। নিজের ঘরে বসে সূর্যাস্তের ছবি ভাগ করে নেন তিনি । ছবিতে সামনের দিকে দেখা যাচ্ছে হেলান দিয়ে বসার জায়গা , হুইলচেয়ার। পিছনে বারান্দা, অন্যদিকে অস্ত যাচ্ছে সূর্য।
ছবিটির সাথে তিনি লিখেছেন, “এত দিন ধরে সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎই বদলে গেল আমার দৃষ্টিভঙ্গি। তবে গল্পের এখনও অনেকটা বাকি, বন্ধু!”কাজের সূত্রে এবং ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই দুর্ঘটনার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরে। প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে । চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর উন্নত চিকিৎসা ও মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য গত ২ অক্টোবর এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় । তবে ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু বলে হয়নি।
অভিনেত্রীর পি আর সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় যে, চোটের ধরন এবং অস্ত্রোপচারের কারণে অভিনেত্রীকে বেশ কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে। এছাড়াও বিবৃতিতে জানানো হয় , এই সময়ে নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে তাঁকে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হোক। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ ও শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছে অভিনেত্রীর সহকারী দল।
