KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল

রাতদিন ওয়েব ডেস্ক : গত রবিবার বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল কোয়েল মল্লিকের। আর আজ অর্থাৎ সোমবার সকালেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে নব নির্বাচিত বিজেপির প্রার্থী কোয়েল মল্লিকের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পার্টির পতাকা তুলে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী। একই সাথে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ ও সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়া। সোমবার বেলার দিকে বিধানসভায় মনোনয়নপত্র পেশ করেন অভিনেত্রী কোয়েল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায় সহ অন্যান্যরা ।
বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ তৃণমূল ক্ষমতায় থাকাকালীন গত ৬ এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করেছিলেন কোয়েল মল্লিক । তবে তৃণমূলের হয়ে বিধানসভায় কোনো অধিবেশন শুরু হওয়ার আগেই গত ১৬ জুলাই তৃণমূলের হয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলিঅভিনেত্রী । এরপর সেই একই কেন্দ্র থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন কোয়েল। পদ্ম শিবিরে যোগ দিয়ে কোয়েল মন্তব্য করেন , “বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক।” রাজনীতিতে ফের নিজের আগমনের কারণ হিসাবে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়নে যুক্ত হতে চাই।” তাকে বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল।
সোমবার গেরুয়া শিবিরে যোগদান করে প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস নিয়ে কোনও প্রকার মন্তব্য করেননি তিনি। তার দাবি , “প্রত্যেকটা দল নিজেদের মতো ভাল কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না-করে বলতে পারি আমি এমন একটা দলে যোগ দিতে পেরেছি, যারা উন্নয়নের কাজ শেষ কয়েক মাস ধরে ভাল করছে।” স্যোশাল মিডিয়ায় যাঁরা কোয়েলকে নিয়ে সমালোচনা করেছেন, তাঁদেরকে ক্ষমা করে দেওয়ার বার্তা দেন অভিনেত্রী । ভবিষ্যতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে কোয়েল বলেন , “সবার জন্য কাজ করতে চাই, সবার মঙ্গল কামনা করি।”
