AVIJIT DIPKE : ফের আন্দোলনে সিজেপি ; যন্তর মন্তর ২.০ ডাক দিলেন কনভেনর অভিজিৎ দীপকে

রাতদিন ওয়েব ডেস্ক : গত শুক্রবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ বিভিন্ন দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন ককরোচ দল । সেই জায়গায় দাঁড়িয়ে এবার নেতাজির ভাবধারা নিয়ে ‘দিল্লি চলো’ ডাক দেন মুখপাত্র অভিজিৎ দীপকে। ১০ ই অক্টোবর যন্তর মন্তরে আন্দোলন কর্মসূচির দিন ঘোষণা করেন তারা ।
গোটা ভারতবর্ষের তরুণ প্রজন্ম ( জেন জি) কে যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন সিজেপি-র কনভেনর অভিজিৎ দীপকে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ। অভিজিৎ এর মন্তব্য , যাঁরা ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন দাবি করেন , তাঁদের প্রত্যেকের এই আন্দোলনে যোগদান করা উচিত। নিট পেপার লিকের ঘটনায় রাজধানীতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও নির্মমতার কথা মনে করিয়ে দীপকে জানান , ‘‘ আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করব। মহাত্মা গাঁধীর দেখানো পথে হাঁটব। সরকার আর দিল্লি পুলিশ আমাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সম্মান জানাবে, না ২০ জুলাইয়ের মতো নির্মমতার পুনরাবৃত্তি করবে, সেটা তাদের ব্যাপার। এটা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। ভারতের প্রত্যেক নাগরিক, যিনি অবাধ, স্বচ্ছ নির্বাচন চান, আমাদের আন্দোলনে যোগ দিন।’’
দেশজুড়ে এসআইআরের ফলে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ায় বিরোধীরা এই এস আই আরের তীব্র নিন্দা করেন এবং প্রতিবাদ জানান। বিরোধীদের অভিযোগ বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি-র ভোটে জেতার পথ প্রশস্ত করে দিয়েছে নির্বাচন কমিশন নিজেই । কিছু দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের অন্তর্তদন্তমূলক একটি রিপোর্ট প্রকাশ্যে আসে , সেই রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায় । রিপোর্টে দাবি করা হয় , এসআইআর চলাকালীন বাকি দুই নির্বাচন কমিশনারকে উপেক্ষা করে জ্ঞানেশ কুমার নিজেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন । গত ১০ মাসে ১৪ বার তাঁর সিদ্ধান্তে লিখিত আপত্তি জানিয়েছেন অন্য দুই কমিশনার সুখবিন্দর সিংহ সঁধু এবং বিবেক জোশী। কিন্তু তাঁদের আপত্তিকে কোনরকম মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে । যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মুখ্য নির্বাচন কমিশন। তবুও সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয় সমস্ত বিরোধী শিবিরে । কংগ্রেস, কালীঘাট তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলগুলি দিল্লিতে বৈঠক আয়োজন করেছে , আর এবার নবদল ককরোচ নতুন কর্মসূচি ঘোষণা করে দিল্লির যন্তর মন্তরে। আন্দোলনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
