TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!

রাতদিন ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই, পূর্ব বর্ধমানের ফাগুপুরে ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে দলের উদ্বোধন হয়। এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতালি রায়। এই চৈতালি রায় নিজেকে পশ্চিমবঙ্গে টিভিকে দলের আহ্বায়ক বলে দাবি করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির দল টিভিকে জানায় পশ্চিমবঙ্গে তারা কোনও পার্টি অফিস খোলেনি। পূর্ব বর্ধমানের ফাগুপুরে যে ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে-র দল উদ্বোধন করা হয় তার সাথে তামিলনাড়ুর টিভিকে দলের কোনো সরাসরি সম্পর্ক নেই, তারা স্পষ্ট করে দিয়েছেন।
থালাপতির মুখপাত্র সানকাভি দ্যানাহ ইংরেজি মিডিয়া ‘ইন্ডিয়া টুডে’ তে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন , “আমাদের দল আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গে কোনও শাখা বা দলীয় কার্যালয় খোলেনি। যদি তেমন কিছু হয়েও থাকে, তা হলে বলতে হয় যে, সেগুলোয় কোনও দলীয় অনুমোদন নেই। টিভিকে-র কেন্দ্রীয় নেতৃত্বের এই বিষয়ে সমর্থন নেই।”
বঙ্গে টিভিকে দলের ‘প্রথম’ দলীয় কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে মুখপাত্র মন্তব্য করেন , “স্থানীয় সমর্থকেরা এই কাজ করে থাকতে পারেন। আমাদের দলের সভাপতি তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্ব অনেক মানুষকে উদ্বুদ্ধ করছে। তাঁরাই স্বাধীন ভাবে উদ্যোগী হয়েছেন।” এছাড়াও তিনি বলেন , “আমরা এখন তামিলনাড়ুতেই মনোনিবেশ করতে চাই। সে রাজ্যে আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।” তবে পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ টিভিকের নেতৃত্ব পছন্দ করছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
